জাতীয় লোক আদালতে ৮৫০০ মামলার নিষ্পত্তি, ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় বীরভূমে

সেখ রিয়াজুদ্দিনঃ

বছরের তৃতীয় জাতীয় লোক আদালতে বীরভূম জেলায় মোট ৮৫০০টি মামলার নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলির সেটেলমেন্ট বাবদ মোট ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় হয়েছে বলে জানা গেছে। শনিবার, ১২ সেপ্টেম্বর জেলার তিনটি মহকুমা—সিউড়ি, বোলপুর ও রামপুরহাট আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এদিনের সাফল্যে বহু মামলাকারী স্বস্তি পেয়েছেন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই জাতীয় লোক আদালতে জেলার তিনটি আদালতে মোট ২৩টি বেঞ্চ বসানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন মোট ১২ হাজার মামলা লোক আদালতে ওঠে। তার মধ্যে ৮৫০০টি মামলার নিষ্পত্তি হয়। সেটেলমেন্ট বাবদ মোট ১৩ কোটি ৬ লক্ষ টাকা আদায় হয়েছে বলে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে বলে ইতিপূর্বেই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর্মসূচি চালানো হয়েছিল। সেই প্রচারের মাধ্যমে লোক আদালতের বার্তা বহু মানুষের কাছে পৌঁছে যায়। ফলে এবারের জাতীয় লোক আদালতে সাধারণ মানুষের অংশগ্রহণের হার বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
শনিবার সিউড়ি আদালত চত্বরে লোক আদালতকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে। নিজেদের মামলার নিষ্পত্তির আশায় অনেকেই আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট মামলাকারীদের মধ্যে স্বস্তি দেখা যায়। ৮৫০০টি মামলার নিষ্পত্তির ফলে বহু মানুষ আইনি জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন বলে অভিমত প্রকাশ করেছেন অনেকে। লোক আদালতের এই সাফল্যে মামলাকারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *