বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিচালন সমিতির নির্বাচনে বিএমএসের বড় জয়, ১৪-০ ফলাফল

সেখ রিয়াজুদ্দিনঃ

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিনোদন সংস্থার পরিচালন সমিতির নির্বাচনে বড়সড় জয় পেল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী সংঘ (বিএমএস)। মোট ১৪টি আসনের সবকটিতেই বিএমএস সমর্থিত প্রার্থীরা জয়ী হয়।
৭ সেপ্টেম্বর, সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই রাতেই ভোটগণনা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়। গণনা শেষে দেখা যায়, ১৪টি আসনেই বিএমএস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে ।অন্যকোন দলের সমর্থীত প্রার্থীরা জয়ী হতে পারেনি। জয়ী প্রার্থীরা হলেন— অসীম সাহা, অতনু খান, ধনঞ্জয় রুজ, মণিমোহন গড়াই, শিক্ষক সুজল পাহাড়ী, রাজু রায়, রতন সাঁতরা, নীলকমল গড়াই, নির্মাল্য দে, সংঘমিত্রা মালাকার, প্রশান্তমণি গুপ্ত, সন্দীপ ধীবার, সুব্রতকুমার দাস এবং ভানিতকুমার সিং।
ফল প্রকাশের পরেই জয়ী প্রার্থীদের ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। চলে অভিনন্দন, মিষ্টিমুখ এবং আনন্দ উদযাপন। বিরোধী শূন্য তথা ১৪টি আসনের সবকটিতে জয় পাওয়ায় বিএমএস সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহের আবহ।
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী মহলে এই নির্বাচনকে ঘিরে আগে থেকেই যথেষ্ট আগ্রহ ছিল। নির্বাচনের আগে বিএমএস সমর্থিত প্রার্থীদের পক্ষে জোরদার প্রচারও চালানো হয়। ফল প্রকাশের পর জয়ী প্রার্থীদের মধ্যে সুজল পাহাড়ী ও অসীম সাহা বলেন, “কর্মীরা আমাদের উপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালন করাই আমাদের প্রধান লক্ষ্য। কর্মীদের স্বার্থ, সুযোগ-সুবিধা ও কল্যাণের পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *