শম্ভুনাথ সেনঃ
উৎসবের মরশুমের মুখেই ফের বোমাতঙ্কে কেঁপে উঠল বীরভূমের নানুর। আজ২৮ অক্টোবর,বুধবার দুপুরে বীরভূমের নানুর থানার থুপসাড়া পঞ্চায়েতের অন্তর্গত পালুন্দি গ্রাম সংলগ্ন এক পুকুরপাড়ের ঝোঁপে মাটির তলা থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে আনুমানিক ২০টি তাজা বোমা পাওয়া গিয়েছে। এলাকাটি ঘিরে রেখে ইতিমধ্যেই বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসেই নানুরের বাসাপাড়া এলাকার মড্ডা ও তাকোড়া গ্রাম থেকেও উদ্ধার হয়েছিল প্রায় ৩০টি বোমা। পর পর এ ধরনের ঘটনায় স্বভাবতই স্থানীয় বাসিন্দাদের মনে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসবের আনন্দ উদযাপনের ঠিক আগেই কে বা কারা, কী উদ্দেশ্যে এত বোমা মজুত করেছিল— তা খতিয়ে দেখতে কড়া তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এলাকা জুড়ে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
