সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্যের বৃদ্ধ-বৃদ্ধা, স্বামীহীন এবং বিশেষভাবে সক্ষম মানুষের জন্য মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে উপভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ। এতদিন মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হলেও তা বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা করা হয়েছে।
সোমবার, ৭ ই সেপ্টেম্বর নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। একইসঙ্গে ভাতার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়। প্রতীকী হিসেবে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন ব্লক ও পৌরসভা এলাকায় উপভোক্তাদের নিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়। তারই অংশ হিসেবে বীরভূমের খয়রাসোল ব্লকেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের হাতে ১৫০০ টাকার প্রতীকী চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে খয়রাসোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল বিষয়গুলি উপভোক্তাদের সামনে তুলে ধরেন। তিনি জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সি বিশেষভাবে সক্ষম মহিলারা এই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপভোক্তাদের মোট মাসিক প্রাপ্তির পরিমাণ ৪৫০০ টাকা হতে পারে বলে জানানো হয়। নতুন করে আবেদন করতে হলে জনকল্যাণ শিবিরে নাম নথিভুক্ত করতে হবে।
এদিনের অনুষ্ঠানে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণীশ দাস, খয়রাসোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস, সদস্যা অনীমা সাহা, সমাজসেবী অনুপম বাগ, উৎপল সাঁই, রথীলাল সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানকে ঘিরে উপভোক্তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এদিনের কর্মসূচি এবং ভাতা বৃদ্ধির বিষয়ে পৃথকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানান পঞ্চায়েত সমিতির সদস্যা অনীমা সাহা এবং সমাজসেবী উৎপল সাঁই।

