সতীপীঠ ও উষ্ণ প্রস্রবনের টানে ভিড় বাড়ছে বীরভূমের বক্রেশ্বরে

শম্ভুনাথ সেনঃ

রাঢ়বঙ্গের লাল মাটিতে প্রকৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটেছে বীরভূমে। বাউল-ফকির, কবি-শিল্পী আর মন্দির-মসজিদের এই জেলা স্বাতন্ত্র্যে ও সুপ্রাচীন ইতিহাসে উজ্জ্বল। ডঃ অতুল সুরের কথায় এটি যেন “বাংলার ধর্মীয় সাধনার জাদুঘর”। এই পঞ্চপীঠের অন্যতম প্রধান কেন্দ্র দুবরাজপুরের বক্রেশ্বর। ‘পীঠমালা মহাতন্ত্র’ মতে এটি ৫১ সতীপীঠের ৪৬ তম পীঠ, যেখানে দেবী দুর্গার ভ্রূ-মধ্যস্থল পতিত হয়েছিল বলে বিশ্বাস। তবে এর মূল আকর্ষণ কেবল ধর্মীয় শৈবক্ষেত্র বা সতীপীঠেই সীমাবদ্ধ নয়, এখানকার প্রকৃত রূপ ফুটে ওঠে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে।
ভূগর্ভ থেকে অবিরাম উঠে আসা গরম জলের সানবাঁধানো ঘাটে স্নানের এমন বিরল সুযোগ পশ্চিমবঙ্গে আর কোথাও নেই। সঙ্গে শতাধিক দেবালয়, আশ্রম-আখড়া এবং নদীর তীরে অবস্থিত মহাশ্মশান পুরো এলাকাটিকে এক প্রশান্ত ও রহস্যময় পরিবেশ দান করেছে। শীতের মরশুম শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও পুণ্যার্থীদের আনাগোনা বাড়ছে। সকালেই প্রাকৃতিক গরম জলে ডুব দিয়ে পুজো দেওয়া এবং প্রিয়জনদের নিয়ে কিছুটা সময় কাটানোর অনন্য অভিজ্ঞতাই টেনে আনছে পর্যটকদের। তাই শীতের ছুটিতে মনকে নতুন প্রাণশক্তি দিতে বীরভূমের এই পবিত্র তীর্থভূমি বক্রেশ্বরে ঘুরতে আসা এক আলাদা আনন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *