সেখ রিয়াজুদ্দিনঃ
যোগ্য মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের খয়রাসোল ব্লকেও শুরু হয়েছে তিনদিনের ‘সেবা সেতু অভিযান’ শিবির। শুক্রবার থেকে খয়রাসোল সেচ দপ্তরের মাঠে শুরু হওয়া এই শিবির চলবে রবিবার পর্যন্ত। শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত মোট ১৭টি স্টল খোলা হয়েছে। শুরু থেকেই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
জব কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য পৃথক পৃথক স্টলের ব্যবস্থা করা হয়েছে। শনিবার শিবির পরিদর্শনে আসেন বীরভূমের জেলা শাসক ধবল জৈন, খয়রাসোলের বিধায়ক অনুপ কুমার সাহা এবং খয়রাসোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি উপভোক্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।
এদিন শিবিরে কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেন জেলা শাসক। পাশাপাশি বনদপ্তরের উদ্যোগে শিবির থেকে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
শিবিরে এসে জেলা শাসকের সঙ্গে কথা বলার সুযোগ পান এক মহিলা। তিনি আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন জানান। তাঁর কথা শুনে জেলা শাসক শিবিরেই আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন।
সরকারি পরিষেবা যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেই লক্ষ্যেই তিনদিনের এই ‘সেবা সেতু অভিযান’ শিবিরের আয়োজন বলে জানান বিধায়ক অনুপ কুমার সাহা ও বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি। অন্যদিকে, বিজেপির খয়রাসোল ব্লক নেতৃত্ব অনুপম বাগ দলীয় কর্মীদের নিয়ে শিবিরে সহযোগিতার কথা জানান।
এদিন বার্ধক্য ভাতার আবেদন জমা দিতে আসেন কেন্দগড়ে পঞ্চায়েতের চুড়র গ্রামের সহদেব পাল। শিবিরে এসে সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পেরে তিনিও নিজের অভিজ্ঞতার কথা জানান।
