প্রাথমিক পড়ুয়াদের নিয়ে ৪১ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের প্যাটেলনগরে

শম্ভুনাথ সেনঃ

টানটান উৎসাহ আর উদ্দীপনায় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ৪১ তম বীরভূম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের মহম্মদবাজার ব্লকের প্যাটেলনগর অতুলভাবিনি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে। ২৯-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দুদিনের এই প্রতিযোগিতায় জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর তিনটি মহকুমা স্তরের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের নিয়ে আজ ৩০ ডিসেম্বর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩৪ টি ইভেন্টে মোট ১৯৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শান্তির বেলুন উড়িয়ে এবং মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উদ্বোধন করেন রাষ্ট্রপতি সম্মান প্রাপ্ত বিশিষ্ট সাঁতারু সায়নী দাস। এদিন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম সাংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড .প্রলয় নায়েক প্রমুখ। শুরুতেই জেলার ৩২টি চক্রের ক্রীড়াপতাকা উত্তোলিত হয়।

জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সফল প্রতিযোগীদের হাতে এদিন শংসাপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন মঞ্চের মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার বিশিষ্ট নাট্যকর্মী সুব্রত ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *