
শম্ভুনাথ সেনঃ
বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলে মন্তব্যের কারণে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বীরভূমের বিজেপির মহিলা মোর্চা। ৭ জানুয়ারী রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা।
উল্লেখ্য, ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুর গ্রামের মাঠে তৃণমূল কংগ্রেসের ‘রণ সংকল্প সভা’ অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না”।
এই বক্তব্যের পরিপেক্ষিতে বিজেপির মহিলা সংগঠনের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি নেত্রী রশ্মি দে জানান, “আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। যে দলের দলীয় স্লোগান মা মাটি মানুষ, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মা ও মানুষের মান ও সম্মান ক্ষুন্ন করে কিভাবে দায়িত্ব জ্ঞানহীন ভাবে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য করেন? তাঁকে ক্ষমা চাইতে হবে। সেই কারণেই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।”
