
দীপককুমার দাসঃ
২০২৬ সালে পদ্মশ্রী পুরস্কার যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সিউড়ির তৃপ্তি মুখার্জি। সূচী শিল্পের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ও ২০১৬ সালে শিল্পগুরু সম্মাননা পেয়েছেন। এই খবরে খুব খুশি তিনি এবং এই পুরস্কার তিনি উৎসর্গ করছেন তার মা মায়া ব্যানার্জীকে। ছোটবেলায় মায়ের কাছ থেকে কাঁথাষ্টিচের কাজ শেখা শুরু। এরপর ১৯৮৭সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের এই কাজে যুক্ত করেন ও প্রশিক্ষণ দিতে শুরু করেন। বর্তমানে জেলার প্রায় কুড়ি হাজার মহিলাকে প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছেন। বাংলার এই কাঁথা ষ্টিচের কাজকে ভারতের বাইরে তুলে ধরার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি লন্ডন, বার্মিংহাম, টোকিও যান। সেখানে এই হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা নেন। বর্তমানে তিনি কাজের পরিধি বাড়িয়ে চলেছেন। মহিলাদের বিশেষতঃ আদিবাসীদের কাঁথাষ্টিচের কাজের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদের রোজগারের পথ সুগম করতে চান। এবারের এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি ওনার এই কাজকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এবং এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে ভীষণ আনন্দিত ও উৎফুল্ল।
