
উত্তম মণ্ডলঃ
রাজনগর থানার দক্ষিণ অঞ্চলের বাঁন্দি গ্রামের ঘটনা। এলাকায় গরু চুরির আতঙ্ক রয়েছে বেশ কিছুদিন ধরেই।
গত রাত তিনটে নাগাদ ছাগলের চিৎকারে চোর এসেছে ভেবে ছুটে আসেন গ্রামবাসীরা। দেখা যায়, সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন। গ্রামবাসীরা চেষ্টা করেও আয়ত্বে আনতে পারেননি সেই তীব্র আগুন। খবর দেওয়া হয় দমকলে। সিউড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে হাজির হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য নিত্যগোপাল মালের বসত বাড়ি ও একটি গোয়াল এবং পাশের প্রতিবেশী পূর্ণচন্দ্র মালের বাড়ি। সব ক’টি বাড়িই কাঁচা। আগুনে পুড়ে গেছে ঘর-গেরস্থালির বিভিন্ন দরকারি জিনিস। একটি ছাগলের গায়ে আগুন লেগে লোম পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির খবর নেই। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
