
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি-বোলপুর রাস্তায় সিউড়ি থানার পুরন্দরপুর সংলগ্ন বেহিরা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল। একটি পিকআপ ভ্যান থেকে ২৪ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে সিউড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরন্দরপুর বেহিরা মোড় এলাকায়। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে ওই পিকআপ ভ্যান চালককেও আটক করেছে পুলিশ।

সূত্রের খবর, এ দিন নিষিদ্ধ কাফ সিরাপ বোঝাই ওই গাড়িটি বোলপুর থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি-বোলপুরের রাস্তায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময়েই পুরন্দরপুর এলাকার থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত মাসের ৩ তারিখ বোলপুরের উদয়ন পল্লি এলাকা থেকে প্রায় কয়েক হাজার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছিল। মাসে মাসে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

