
সেখ রিয়াজুদ্দিনঃ
সাত সকালে যাত্রীবোঝাই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কালভার্টের নিচে পড়ে গেলে দেখা দেয় বিপত্তি। জানা যায় এদিন সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর সংলগ্ন লাউদোহা গ্রাম থেকে খয়রাসোল ব্লকের হযরতপুর গ্রামের দিকে তিনজন যাত্রীবোঝাই একটি টোটো যাচ্ছিল। খয়রাশোল থানার কেন্দ্র গড়িয়া পঞ্চায়েতের চুড়র গ্রাম সংলগ্ন একটি কালভার্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০-১৫ ফুট নিচে গভীরে পড়ে যায়। টোটো টি ভেঙ্গে একেবারে চুরমাচুর হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সহ খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য শ্যামল গায়েন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান শ্যামল কুমার গায়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ছাড়া সকলেই অল্পবিস্তর জখম হয়েছে। তাদের মধ্যে একজনের কোমর ভেঙে গেছে বলে মনে হচ্ছে এজন্য তাকে দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে খয়রাসোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদারকি শুরু করেন। পরবর্তীতে দূর্ঘটনার কবলে পড়া টোটোটিকে কালভার্টের নিচে থেকে উদ্ধার করে খয়রাশোল থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।
