বীরভূমের কীর্ণাহারে ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে বিজেপি-তৃণমূল সংঘাত, বোলপুর SDPO অফিসের সামনে বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

পরিবর্তন যাত্রার সময় বিজেপি-তৃণমূল ধুন্ধুমার কাণ্ড। ক্ষিপ্ত বিজেপি কর্মীরা পরে বোলপুরে এসডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সারা রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচি নিয়েছে বিজেপি৷ গতকাল ৬ ফেব্রুয়ারি সকালে সদর সিউড়ি থেকে পরিবর্তন যাত্রা কড়িধ্যা, চন্দ্রপুর, বক্রেশ্বর, তাঁতীপাড়া, দুবরাজপুর, হেতমপুর হয়ে বোলপুর সাংগঠনিক জেলায় পৌঁছে যায়। সন্ধ্যায় আহমেদপুর, কীর্ণাহার ও বোলপুরে পরিবর্তন যাত্রার কর্মসূচি ছিল। তিনটি জায়গায় বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয় ৷ নানুরের কীর্ণাহারে সভা সেরে সাংসদ বেরিয়ে যাওয়ার পর বিজেপি কর্মীরা পরিবর্তন যাত্রা শুরু করেন।
কীর্ণাহারের তৃণমূল-কংগ্রেসের কার্যালয়ের কাছে পরিবর্তন যাত্রা আসতেই তৃণমূল কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন ৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। দুই পক্ষের দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে ৷ শুরু হয় হাতাহাতি। দুই পক্ষের হাতে দলীয় পতাকার বাঁশ নিয়েই শুরু হয় মারামারি। ভেঙে দেওয়া হয় তৃণমূল কার্যালয়ের বাইরে থাকা চেয়ার ৷ তৃণমূল কর্মীরা প্রথমে সংখ্যায় কম ছিলেন ৷ পরে তাঁরা সংঘবদ্ধ হতে শুরু করেন ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ অল্প সংখ্যক পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। ক্ষিপ্ত বিজেপি কর্মীরা পরে বোলপুরে এসডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *