
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের শান্তিনিকেতনের কোল ঘেঁষে অবস্থিত বোলপুরের ঐতিহ্যবাহী শৈলবালা বালিকা বিদ্যালয়ে এখন চরম অব্যবস্থা। পর্যাপ্ত শিক্ষকের অভাব, পঠন-পাঠন বন্ধ থাকা এবং লাইব্রেরিয়ানের হাতে ছাত্রী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে গতকাল ২৩ মার্চ রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সমস্যার মূলে শিক্ষক সংকট। দীর্ঘদিন ধরেই স্কুলটিতে শিক্ষক ও শিক্ষিকার অভাব। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত শিক্ষিকা না থাকায় ছাত্রীদের নিয়মিত ক্লাস হয় না। এমনকি পরীক্ষার খাতা দেখার মতো সাধারণ কাজগুলোও ব্যাহত হচ্ছে। বিশেষ করে নবম ও দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাস প্রায় বন্ধ। স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা এই সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন, “পূর্বতন প্রধান শিক্ষিকা থেকে শুরু করে আমি নিজে—বারবার শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।” এদিন বিবাদের সূত্রপাত হয় স্কুলের লাইব্রেরিকে কেন্দ্র করে। ছাত্রীদের অভিযোগ, লাইব্রেরিতে বই নিতে বা প্রবেশ করতে গেলে সংশ্লিষ্ট লাইব্রেরিয়ান তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন। অভিযোগ আরও গুরুতর রূপ নেয় যখন এক ছাত্রীকে ওই লাইব্রেরিয়ান মারধর করেন বলে দাবি করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলের ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত কর্মীকে শাস্তি দিতে হবে এবং স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। উত্তেজনা চরমে পৌঁছালে খবর দেওয়া হয় বোলপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোলপুর থানার শৈলবালা স্কুলের এই অচলাবস্থা বীরভূম জেলার শিক্ষা মহলে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবক মহল এখন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

