
শম্ভুনাথ সেনঃ
ফাল্গুন পেরিয়ে চৈত্রের বাতাস বইলেও শান্তিনিকেতন সংলগ্ন বোলপুরের আকাশ-বাতাস আজও যেন বসন্তের রঙে বিভোর। আজ ২৫ মার্চ বুধবার বীরভূমের বোলপুর সংলগ্ন পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয় প্রাঙ্গণে এক পরম আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো “বসন্ত উৎসব”। ঋতুরাজকে বরণ করে নিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে মেতে উঠেছিলেন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। এদিন সকাল থেকেই বিদ্যালয় চত্বর ছিল উৎসবমুখর। রবীন্দ্রনাথের গান, নাচ আর কবিতার ছন্দে বসন্তকে আবাহন করেন ছাত্র-ছাত্রীরা। গাছের ঝরা পাতায় প্রকৃতির যে রুক্ষ রূপ, তাকে ছাপিয়ে আসা নতুন কচি পাতার স্নিগ্ধতা যেন ধরা দিয়েছিল কচিকাঁচাদের রঙিন পোশাকে আর হাসিমুখের আবহে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের নিজেদের হাতে তৈরি ভেষজ আবীর। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান, বাজারের ক্ষতিকর রাসায়নিক রঙের পরিবর্তে বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেরাই ভেষজ উপাদানে এই আবীর তৈরি করেছে, যা শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ। পারস্পরিক প্রীতি ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করতে একে অপরকে এই আবীরে রাঙিয়ে দেয়। সঠিক সময়ে কেন এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি, সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে প্রধান শিক্ষক বলেন: “দোলের সময় পরীক্ষা এবং মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর উৎসব থাকায় আমরা নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা যায়নি। তবে দেরি হলেও আমরা বসন্ত আবাহনের আয়োজন করেছি।” বিদ্যালয়ের এই প্রাণবন্ত আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং শিক্ষা ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়। মনের রঙে আর ছাত্র-শিক্ষকের নিবিড় মেলবন্ধনে পারুলডাঙ্গার এই বসন্ত উৎসব এক অনন্য মাত্রা পেয়েছে।
