
শম্ভুনাথ সেনঃ
সাতসকালে উনুনে আঁচ পড়ার বদলে রাস্তার মোড়ে এলপিজি সিলিন্ডারের দীর্ঘ লাইন। বীরভূমের দুবরাজপুরে এখন এটাই প্রাত্যহিক ছবি। দুবরাজপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন ‘কবিতা গ্যাস গোডাউনের’ সামনে শুক্রবার সকালে দেখা গেল প্রায় হাজার মানুষের লম্বা লাইন। রান্নার গ্যাসের তীব্র সংকটে কার্যত দিশেহারা কয়েক হাজার পরিবার।
ভোর থেকেই শুরু প্রতীক্ষার প্রহর। সূর্য ওঠার আগে থেকেই হাতে বুকিং মেসেজ আর শূন্য সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। লাইনে দাঁড়ানো ক্লান্ত মুখগুলোতে উদ্বেগের ছাপ। গ্রাহকদের অভিযোগ, দিনের পর দিন বুকিং করেও মিলছে না সিলিন্ডার। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।
লাইনে দাঁড়িয়ে থাকা এক গ্রাহকের কথায়, “বুকিং করেছি অনেকদিন হলো, কিন্তু গ্যাস পাচ্ছি না। কাজের সময় নষ্ট করে এভাবে রোদে দাঁড়িয়ে থাকাই এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে”। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে গ্যাস অফিস কর্তৃপক্ষ। সরবরাহের সমস্যার কারণে সাময়িক এই অভাব দেখা দিয়েছে। তারা জানান, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। লাইনে দাঁড়ানো সমস্ত গ্রাহককেই সিলিন্ডার দেওয়া হবে। কাউকেই খালি হাতে ফিরতে হবে না।
