
শম্ভুনাথ সেনঃ
সাতসকাল থেকে খাঁ খাঁ রোদ, আর সেই রোদ উপেক্ষা করেই রামপুরহাট কলেজের সামনে জনসমুদ্র। উদ্দেশ্য একটাই— ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় ফিরে পাওয়া। বীরভূমের রামপুরহাট মহকুমার একমাত্র ‘এসআইআর’ (SIR) ট্রাইবুনাল ক্যাম্পকে কেন্দ্র করে আজ ৬ এপ্রিল, সোমবার কার্যত স্তব্ধ হয়ে পড়ে গোটা শহর।
ক্যাম্পের জেরে রামপুরহাটের প্রতিটি রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ৫ মিনিটের পথ পার হতে সময় লাগে ৪৫ মিনিট, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলপড়ুয়া ও সাধারণ যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

স্থানীয় এক বাসিন্দা নুরুল ইসলাম ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মায়ের ১৯৬০ সালের দলিল থাকা সত্ত্বেও নাম বাদ গেছে। আমরা কি রাজনীতির শিকার? সদুত্তর না পেয়ে আরটিআই করার সিদ্ধান্ত নিয়েছি।” একই চিত্র ধরা পড়ল জাজিগ্রামের নাজিমা খাতুনের কথায়। কোলের শিশুকে নিয়ে প্রখর রোদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, “জন্মলগ্ন থেকে এখানে থেকেও কেন আমাদের নাম বাদ যাবে?” ঘটনাস্থলে উপস্থিত রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জহরুল ইসলাম মানুষের হাতে জল তুলে দেন। তিনি বলেন, “মানুষ আজ এসআইআর আতঙ্কে দিশেহারা। নির্বাচন কমিশনের এই অব্যবস্থা ও মানুষের হয়রানি মেনে নেওয়া যায় না।” ভোটার তালিকায় এই গণ-বাতিল এবং নথিপত্র জমা দেওয়ার পাহাড়প্রমাণ চাপকে কেন্দ্র করে মহকুমা জুড়ে এখন কেবলই আতঙ্ক আর অনিশ্চয়তার সুর।

