
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত বীরভূমের রাজনৈতিক মাটি। জোড় কদমে প্রচারের শেষ লগ্নে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের হস্তিকান্দা গ্রামে বড়সড় ধাক্কা খেল শাসক তৃণমূল শিবির। আজ ২০ এপ্রিল সোমবার এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। তাঁর উপস্থিতিতেই স্থানীয় অন্তত ১৫০ জন যুবক ও গ্রামবাসী তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। প্রার্থীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে দলত্যাগীদের দাবি, এলাকায় দীর্ঘকাল কোনো উন্নয়ন হয়নি। অনুন্নয়নের ক্ষোভ থেকেই এই দলবদল। ধ্রুব সাহা জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান পরিবর্তনেরই ইঙ্গিত। অন্যদিকে, ভোটের মুখে এই গণ-দলবদল রামপুরহাটের নির্বাচনী সমীকরণ অনেকটাই বদলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
