
শম্ভুনাথ সেনঃ
বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করায় রামপুরহাট পুরসভার এক অস্থায়ী মহিলা সাফাইকর্মীকে পথ আটকে হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ১৫ মে, শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় রামপুরহাট শহর জুড়ে। জানা গেছে, গত ১৪ মে (বৃহস্পতিবার) নিয়মিত ও সঠিক সময়ে মজুরির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। অভিযোগ, সেই আন্দোলনের জেরেই ১৫ মে (শুক্রবার) সকালে ৪ নম্বর ওয়ার্ডের সাফাইকর্মী রুমা হাজরা কাজের হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় ডাকবাংলা মোড়ে তাঁর পথ আটকান প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেন। তিনি রুমা দেবীকে তীব্র গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ সাফাইকর্মীরা একজোট হয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সাফাইকর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, অভিযুক্ত তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেপ্তার না করা হলে তাঁরা পুরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা আব্বাস হোসেন।
