
সেখ রিয়াজুদ্দিনঃ
বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মানবজীবনের পাশাপাশি কৃষিক্ষেত্রেও গভীরভাবে পড়ছে। কৃষিনির্ভর দেশ ভারতের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির সঙ্গে কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু নির্বিচারে গাছ কাটা, প্রাকৃতিক সম্পদের ধ্বংস, কলকারখানার দূষণ এবং অতিরিক্ত ধোঁয়া নির্গমনের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলেই দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর বিরূপ পরিবর্তন।
এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিক্ষেত্রে সহনশীল চাষ ব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রান্তের কৃষক ও বাগানপ্রেমীরা ইতিমধ্যেই নানা ধরনের পরীক্ষামূলক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ করে জীবন-জীবিকার মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই অভিজ্ঞতা ও সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই “সমন্বয় ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার” নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার, ২ জুন সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় “জলবায়ু সহনশীল ভবিষ্যৎ” শীর্ষক সচেতনতামূলক শিবির ও মিলন মেলা।
অনুষ্ঠানে বিভিন্ন স্টলের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ ও তার ব্যবহার, কম জলে ফসল চাষ, পুষ্টি বাগান, আধুনিক ধান চাষ পদ্ধতি, বিজ্ঞানভিত্তিক ছাগল পালন, সুসমন্বিত কৃষি ব্যবস্থা এবং দেশি প্রজাতির বীজ সংরক্ষণ সংক্রান্ত একাধিক মডেল প্রদর্শন করা হয়। উপস্থিত দর্শনার্থীদের এসব বিষয়ে বিস্তারিতভাবে বোঝানো হয় এবং পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি বলেন, “সমাজ ও মানবসভ্যতাকে রক্ষা করতে হলে প্রকৃতিকে বাঁচাতেই হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।” তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে বহু প্রতিভাবান মানুষ রয়েছেন, তাঁদের সচেতন করে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। পাশাপাশি এই ধরনের সচেতনতামূলক শিবির দুবরাজপুর ও অন্যান্য গ্রামীণ এলাকায় আরও বেশি করে আয়োজনের আহ্বান জানান তিনি।
এদিন অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক ক্যুইজ, অঙ্কন প্রতিযোগিতা, আদিবাসী নৃত্য, গান ও আবৃত্তিরও আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, মহম্মদবাজার ব্লকের কৃষি অধিকর্তা প্রিয়া ধারা, দুবরাজপুর সত্যানন্দ শিশু ভারতীর প্রিন্সিপাল নুপুর চক্রবর্তী, টুমোরোজ ফাউন্ডেশনের জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনুপম হাজরা, ডি আর সি এস সি-র চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সোমজিতা চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে সংস্থার চিফ প্রোগ্রাম কো অর্ডিনেটর সোমজিতা চক্রবর্তী আজকের সচেতনতা শিবির সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।

