বীরভূমের ইলামবাজারে রাজনৈতিক শোরগোল: তৃণমূল কার্যালয় থেকে বিপুল ত্রাণের ত্রিপল ও নথি উদ্ধার, তুঙ্গে বিজেপি-জনতার বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

বিধানসভা নির্বাচনের আবহে বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের ইলামবাজারে এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে আজ ১০ জুন তীব্র চাঞ্চল্য ছড়ালো। ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও সংলগ্ন একটি গোডাউন থেকে উদ্ধার হলো প্রায় চার হাজার সরকারি ত্রাণের ত্রিপল, লুঙ্গি, গামছা, বিভিন্ন ফাইল এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিচয়পত্রের জেরক্স কপি। সরকারি ত্রাণ সাধারণ মানুষের কাছে না পৌঁছে কেন দলীয় কার্যালয়ে মজুত রাখা হলো, এই প্রশ্ন তুলে তৃণমূল কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী মজুত রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের দাবি, ওই গোডাউনে প্রায় তিন থেকে চার লরি সামগ্রী রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। পুলিশের উপস্থিতিতে গোডাউন থেকে প্রায় এক লরি বোঝাই ত্রিপল, অন্যান্য সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথির ফাইল বাজেয়াপ্ত করা হয়। বিজেপির অভিযোগ, গরিবের জন্য আসা ত্রাণ শাসক দল নিজেদের রাজনৈতিক স্বার্থে আটকে রেখেছিল। আপাতত উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *