
শম্ভুনাথ সেনঃ
এলাকার সাধারণ মানুষের একাধিক জ্বলন্ত সমস্যা ও রুটি-রুজির অধিকার আদায়ে এবার সরাসরি প্রশাসনের দ্বারস্থ হলো বীরভূম জেলা সিপিআইএম। আজ ১০ জুন,বুধবার বীরভূমের ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (BDO) দপ্তরে দলের পক্ষ থেকে একটি ৫ দফা দাবিসম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ইলামবাজার রাইস মিলের মাঠে সিপিআইএম কর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃত্ব বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন।
ট্রাইবুনালের যাবতীয় বাকি কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করা, ৬ নম্বর ফর্ম ফিলাপ করা আবেদনকারীদের ভোটার তালিকায় নাম তোলার কাজ দ্রুত সম্পন্ন করা, ট্রাইবুনাল ও ভোটার তালিকার কাজের অগ্রগতি প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে অবিলম্বে ১২৫ দিনের কাজ নিশ্চিত করা,উপযুক্ত ও স্থায়ী পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ না করা।আন্দোলনকারীদের পক্ষ থেকে এই প্রধান ৫টি দাবি হলো পেশ করা হয়। প্রশাসন দ্রুত সদর্থক ভূমিকা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

