
শম্ভুনাথ সেনঃ
গতকালই রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বীরভূমের সিউড়ি থেকে জয়ী বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের নবনিযুক্ত উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দায়িত্ব নিয়েই সাংবাদিকদের কাছে শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তনের বার্তা দেন। তাঁর স্পষ্ট ঘোষণা, বিগত পাঁচ দশকে বাংলায় শিক্ষার যে ধারাবাহিক অবক্ষয় হয়েছে, তা শুধরে হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করাই তাঁর প্রধান লক্ষ্য।
১০ জুন, বুধবার বিকাশ ভবনে কার্যভার গ্রহণ করেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটি দীর্ঘ পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, একসময় ভারতীয় জ্ঞানচর্চার ক্ষেত্রে বাংলা ছিল ধ্রুবতারার মতো। সেই উৎকর্ষ ও নৈপুণ্যকে ফিরিয়ে এনে উচ্চশিক্ষার মূল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, রাজ্যে কেন্দ্রীয় সরকারের ‘জাতীয় শিক্ষানীতি’ হুবহু অনুসরণ করা হবে। কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাজনীতি ছেড়ে ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবিধাকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করার পক্ষে সওয়াল করেন তিনি।
পাশাপাশি, শিক্ষা দপ্তরে সময়ানুবর্তিতা ফিরিয়ে আনা এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা ঘোষণা করেছেন নতুন মন্ত্রী। আগামী পাঁচ বছরের মধ্যে উচ্চশিক্ষায় পশ্চিমবঙ্গকে দেশের শীর্ষস্থানে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য বলে তিনি আশা ব্যক্ত করেন।
