
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রাজনৈতিক মহলে বড়সড় ভাঙন। সাঁইথিয়া পুরসভার পর এবার কার্যত ‘তৃণমূল-শূন্য’ হয়ে গেল দুবরাজপুর পুরসভাও। দল ও কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েই নিজের হাতে শহর তৃণমূল কার্যালয়ের দেওয়াল লিখন মুছে দিলেন প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। তাঁর সঙ্গে শামিল ছিলেন অন্য দলত্যাগী কাউন্সিলররাও। মোট ১৬টি ওয়ার্ডের এই পুরসভায় আগেই ৩ জন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। গত ১০ জুন পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ-পুরপ্রধান মীর্জা শওকত আলী, কাউন্সিলর ভাস্কর রুজ, বুলটি চক্রবর্তী, বনমালী ঘোষ সহ মোট ৯ জন কাউন্সিলর সিউড়ি সদর মহকুমা শাসকের কাছে গিয়ে ইস্তফা দেন এবং ১১ জুন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে ক্ষোভ উগরে দিয়ে জানান, “তৃণমূলের এখন আর কোনও মাথামুণ্ডু নেই, জনগণও দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।” এই গণ-ইস্তফার পর দুবরাজপুর পুরসভাটি এখন পুরোপুরি শাসকদলহীন হয়ে পড়ল, যা জেলা রাজনীতিতে চরম শোরগোল ফেলে দিয়েছে।
