বীরভূমের খাগড়া জয়দেব কয়লা খনি প্রকল্প: ১১টি গ্রামের ভবিষ্যৎ ও সরকারি হস্তক্ষেপের দাবি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে দীর্ঘ প্রতীক্ষিত খাগড়া জয়দেব কয়লা প্রকল্প দ্রুত চালুর দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সামিল হয়েছে ‘লোবা কৃষি জমি রক্ষা কমিটি’। গতকাল ১৫ জুন, ২০২৬ তারিখে নবান্ন সহ জেলার একাধিক উচ্চপদস্থ দপ্তরে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেওয়া হয়।
তাদের দাবির ভিত্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত রয়েছে স্থানীয় ১১টি ক্ষতিগ্রস্ত গ্রামের হাজার হাজার মানুষের ভবিষ্যৎ। এলাকার বাসিন্দারা শিল্পায়নের পক্ষে রায় দিয়ে জমি ছাড়তে রাজি হলেও, তিনটি মৌলিক অধিকারের প্রশ্নে তারা অনড়— উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং নিশ্চিত কর্মসংস্থান।
স্মারকলিপিতে ‘Orissa Metallurgical Industry Private Limited’ নামক বেসরকারি সংস্থাটির বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ আনা হয়েছে। স্থানীয়দের দাবি, সংস্থাটি ১১টি গ্রামের জনতাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, প্রকল্প এলাকার বাইরে অফিস খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা কোনো বেসরকারি পুঁজির ওপর ভরসা না রেখে, জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সরাসরি কোনো সরকারি সংস্থার মাধ্যমে এই বৃহৎ কয়লা খনি প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। স্মারকলিপিটি বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার এবং ভূমি রাজস্ব দপ্তরসহ মোট ৮টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অনুলিপি হিসেবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক জয়দীপ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *