ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার বোলপুরের তৃণমূল নেতা ‘হারু’, রাজনৈতিক মহলে শোরগোল

শম্ভুনাথ সেনঃ

২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার একটি পুরোনো মামলায় তৃণমূলের শ্রমিক সংগঠনের বোলপুর টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় ওরফে হারুকে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। ধৃত ইন্দ্রজিৎ রায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ। তাছাড়া বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, নির্বাচনের পর বিজেপি নেতা মিলন সাঁতরার উপর হামলা, তাঁর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দীর্ঘদিন ধরেই তদন্তাধীন ছিলেন ইন্দ্রজিৎ রায়। অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলার বলাগড় এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে বীরভূমের বোলপুরে নিয়ে আসা হয়। উল্লেখ্য, এই গ্রেপ্তারির পর আজই তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের অগ্রগতি ও জিজ্ঞাসাবাদের স্বার্থে পুলিশ তাঁর হেফাজত চেয়ে আবেদন করতে পারে বলে জানা গেছে। এদিকে, হাইপ্রোফাইল এই তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে বর্তমানে বোলপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *