মিড ডে মিলের চাল চুরির অভিযোগে তোলপাড় দুবরাজপুর, প্রধান শিক্ষক ও বিজেপি নেতাকে ঘিরে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের সতীপীঠ বক্রেশ্বর সংলগ্ন মেটেলা হাইস্কুলে মিড ডে মিলের চাল চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ দে এর সাথে যোগসাজশ রয়েছে স্থানীয় বিজেপি নেতা রঞ্জিত মণ্ডলের (যিনি পূর্বে তৃণমূল করতেন)। এই দুইজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ তুলছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা।
বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার দায়িত্বে থাকা ১২টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই দুর্নীতির বিরুদ্ধে দুবরাজপুর ব্লক আধিকারিকের (বিডিও) কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হতেই প্রধান শিক্ষকের নির্দেশক্রমে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলাকে ফোনে হুমকি দিতে শুরু করেন বিজেপি নেতা রঞ্জিত মণ্ডল।
এই হুমকির খবর ছড়াতেই ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। ক্ষুব্ধ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও গ্রামবাসীরা একজোট হয়ে মেটেলা হাইস্কুল ঘেরাও করে প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, অভিযুক্ত বিজেপি নেতা রঞ্জিত মণ্ডলের বাড়িতেও চড়াও হয়ে চলে তুমুল বিক্ষোভ।
যদিও চাল চুরির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক কল্যাণ দে। বিক্ষোভের ঘটনাকে ‘আলোচনা’ বলে তিনি দাবি করেন। কিছু সমস্যা তৈরি হয়েছে ঠিকই, তবে আগামী ২৪ জুন তারিখে সকল পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *