
শম্ভুনাথ সেনঃ
আজ বাংলা মাসের ৫ আষাঢ়, ইং ২০ জুন। ক্যালেন্ডারের নিয়মে জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ় পড়লেও, বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ‘জামাই ষষ্ঠী’ ঘিরে মেতে উঠল রাঢ়ভূমি বীরভূম। চলতি বছর জ্যৈষ্ঠ মাসটি মল মাস হওয়ায়, শাস্ত্র মতে আষাঢ় মাসের এই শুক্লা ষষ্ঠীর দিনটিকেই বেছে নেওয়া হয়েছে জামাই ষষ্ঠীর পুণ্য লগ্ন হিসেবে।
আজ শনিবার সকাল থেকেই বীরভূমের প্রত্যন্ত গ্রামের ষষ্ঠীতলাগুলিতে দেখা গেল চেনা ছবি—মা ও মেয়েদের উপচে পড়া ভিড়। মেয়ে-জামাইয়ের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনায় সকাল থেকে উপবাসী থেকে পুজোর ডালি সাজিয়েছেন মায়েরা। বাঁশপাতা, হলুদে রাঙানো মঙ্গলসূত্র, ফুল আর মরশুমি ফলের নৈবেদ্যে ভরে উঠেছে পূজাবেদি।
জেলার অন্যতম সতীপীঠ দুবরাজপুর ব্লকের বক্রেশ্বরের অক্ষয় বটতলায় সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। আশেপাশের বহু গ্রাম থেকে পুণ্যার্থীরা এসে এখানে পুজো দেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের পর মায়েদের হাতে তুলে দেওয়া হয় সন্তান ও জামাইয়ের মঙ্গল কবচ। বক্রেশ্বরের পাশাপাশি পণ্ডিতপুর, চিনপাই, মল্লারপুর, কোটাসুর ও দক্ষিণগ্রামের মতো বহু গ্রামীণ অঞ্চলেও সাড়ম্বরে পালিত হচ্ছে এই লোকউৎসব। উৎসব পালিত হয় ইলামবাজার ব্লকের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতেও। আধুনিক কর্মব্যস্ততার যুগে শ্বশুরালয়ে জামাইদের উপস্থিতির হার কিছুটা কমলেও, ঐতিহ্যের টানে গ্রামীণ লোকায়ত সংহতি ও মাতৃত্বের এই প্রাচীন উৎসব আজও বীরভূমের মাটিতে সমান উজ্জ্বল।
