
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে ফের সক্রিয় প্রশাসন। এবার ২০২২ সালের পুরসভা নির্বাচনে ভোট লুট এবং বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে বীরভূমের দুবরাজপুর থেকে গ্রেপ্তার হলেন দুই তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি। ধৃতদের নাম অভীক মিশ্র ও কৈলাস বাগদী। পুলিশ সূত্রে খবর, অভীক মিশ্র ‘প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি’র কর্ণধার এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও কাজল সেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে, কৈলাস বাগদী হলেন ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোনামণি বাগ্দীর শ্বশুর।
অভিযোগ, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দুবরাজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে ঢুকে ব্যাপক বুথ দখল ও ভোট লুট চালায় অভিযুক্তরা। বাধা দিলে বিজেপির মহিলা প্রার্থী রীনা বাগদীর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়। সম্প্রতি রীনাদেবী দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর, শুক্রবার রাতে অভীক মিশ্রকে এবং শনিবার সকালে কৈলাস বাগদীকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবারই ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে দু-পক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘ সওয়াল-জবাব চলে। মামলার সমস্ত নথিপত্র ও গুরুত্ব খতিয়ে দেখে মহামান্য আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

