বীরভূমের রাজগ্রামে বিপুল পরিমাণ মদ সহ গ্রেপ্তার এক ব্যবসায়ী

শম্ভুনাথ সেনঃ

১ জুলাই রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল বীরভূমের মুরারই থানার পুলিশ। বীরভূমের রাজগ্রাম পূর্ব বাজার এলাকার এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুরারই থানার একটি বিশেষ টিম রাজগ্রাম পূর্ব বাজারের বাসিন্দা বিষ্ণু কুমার ভকতের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ৫১২ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়। যার মধ্যে রয়েছে ২৮২ লিটার বিদেশি মদ (Foreign Liquor) এবং ১৩ লিটার দেশি মদ (Country Spirit)। সব মিলিয়ে মোট ২৯৫ লিটার অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় বাড়ির মালিক তথা মূল বিক্রেতা বিষ্ণু কুমার ভকতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সমস্ত নিয়ম ও নির্দেশিকা কঠোরভাবে মেনে এই গ্রেপ্তারির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ শুরু করেছে মুরারই থানার পুলিশ। ২ জুলাই, বৃহস্পতিবার সকালে ধৃত অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এলাকার বুকে এই ধরনের অবৈধ মদের কারবারের জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *