শম্ভুনাথ সেনঃ
বীরভূম ডিস্ট্রিক্ট স্কুল গেম অ্যান্ড স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে ও সিউড়ি চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আজ ৩ সেপ্টেম্বর এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত হলো জেলাব্যাপী দাবা সিলেকশন ট্রায়াল। জেলার বিভিন্ন প্রান্তের ৮৭ জন ছাত্র-ছাত্রী এতে অংশ নেয়। প্রতিযোগীদের রাখি পরিয়ে ও নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়।
অনূর্ধ্ব-১৪, ১৭ এবং ১৯—এই তিন বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রতি বিভাগে প্রথম চার স্থানাধিকারী রাজ্যস্তরে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলা রাজ্য প্রতিযোগিতায় তারা বীরভূমের প্রতিনিধিত্ব করবে।
এদিনের অনুষ্ঠানে চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত রাহা, জেলা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক চন্দন প্রসাদ মণ্ডল এবং জেলা দাবা সংস্থার সম্পাদক বিজয় কৃষ্ণ সাউ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা দাবা সংস্থার অভিজ্ঞ সদস্যদের পরিচালনায় অনুষ্ঠানটি ছাত্রছাত্রী ও অভিভাবকদের দারুণ উৎসাহ-উদ্দীপনায় এক স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হয়।

