শম্ভুনাথ সেনঃ
আইন ভেঙে বালি-পাথর পাচার রুখতে গিয়ে বীরভূমের মুরারইয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের মুখে পড়েন সরকারি আধিকারিকেরা। রাতদুপুরে কর্তব্যরত এনফোর্সমেন্ট টিমকে ঘিরে ধরে হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন এবং গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল অসামাজিক দুষ্কৃতিদের বিরুদ্ধে। তবে খবর পেয়েই মুরারই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৩ জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে মুরারই-১ এবং মুরারই-২ ব্লকের রাজস্ব আধিকারিক (RO) ও অন্যান্য কর্মচারীদের নিয়ে গঠিত যৌথ টিম মুরারই থানার অন্তর্গত নতুনবাজার মোড়ে বালি ও পাথর বোঝাই যানবাহনের ওপর নজরদারি অভিযান চালাচ্ছিল। আনুমানিক ১২ টা নাগাদ আচমকাই একদল দুষ্কৃতী অভিযানস্থলে চড়াও হয়ে সরকারি কাজে চরম বাধা সৃষ্টি করে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং না মানলে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়।
খবর পেয়েই মুরারই থানা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি তৎপরতায় হাতেনাতে পাকড়াও হয় মুরারই থানা এলাকারই ৩ দুষ্কৃতী—জুয়েল সেখ (২৬), গুলজার সেখ (২৮) এবং মহম্মদ সইফুদ্দিন ওরফে সুমন (২৭)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা চম্পট দেয়।

এরপর মুরারই ১ নং ব্লকের BL&LRO দপ্তরের RO ইন্দ্রজিৎ দাস গ্রেপ্তার হওয়া ওই ৩ জন নামী অভিযুক্ত এবং আরও ১২ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ সকালে রামপুরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ। সরকারি কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত বরদাস্ত করা হবে না এবং পলাতকদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ছবি : দিপু মিঞা, মুরারই, বীরভূম
