শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার রূপরামপুর মোড় লাগোয়া রেলফুকোর কাছে আজ ৮ সেপ্টেম্বর, দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি মোটরসাইকেলে সওয়ার হয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাঁদের মুখোমুখি ধাক্কা লাগে। আহত যুবকদের পরিচয় ধিতোরার বাসিন্দা ইব্রাহিম শেখ, মিয়াপুরের আশরাউল শেখ এবং বনরামপুরের গোলাম মোস্তফা। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে তিনজনেই ছিটকে পড়ে রক্তাক্ত ও গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
