পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

সেখ রিয়াজুদ্দিনঃ

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়ি আদালত চত্বরে। রবিবার বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের যৌথ উদ্যোগে সিউড়ি কোর্টের কনফারেন্স রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শিবিরে পরিযায়ী শ্রমিকদের আইনি অধিকার, বন্ধকী শ্রমিকদের সুরক্ষা এবং ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শ্রমিক ঠিকাদার বা মালিকপক্ষের দ্বারা কোনও শ্রমিক শারীরিক, মানসিক কিংবা অর্থনৈতিক নির্যাতনের শিকার হলে কীভাবে সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় এবং আইনি সুরক্ষা পাওয়ার জন্য কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও কোনও মামলায় কীভাবে প্রমাণ, নথিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে, সেই বিষয়েও আলোচনা হয়। শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন উপস্থিত আইনজীবীরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক, কলকাতা হাইকোর্টের আইনজীবী পিয়ালী মুখার্জী সরকার, সপ্তর্ষী বিশ্বাস, রবিন পাল, অধিকার মিত্র মহম্মদ রফিক, মহম্মদ কায়েস, মহিউদ্দিন-সহ সিউড়ি, বোলপুর ও দুবরাজপুরের প্যানেল আইনজীবী, আইনি সহায়ক, অন্যান্য অধিকার মিত্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শিবির প্রসঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক জানান, বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। কোনও মামলায় কীভাবে প্রমাণ ও অন্যান্য নথিপত্র সংগ্রহ করতে হয়, সেই বিষয়গুলিও আলোচনা করা হয়েছে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাঁদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে এই ধরনের সচেতনতা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *