বীরভূমের ইলামবাজারে একটি বাঁশঝাড় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার: মানসিক অবসাদেই চরম পদক্ষেপ আউশগ্রামের যুবকের

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার থানার বাগালবাটি গ্রামে একটি বাঁশঝাড় থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃতের নাম কৃষ্ণ প্রামাণিক। তিনি পূর্ব বর্ধমানের আউশগ্রামের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে তিনি হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বীরভূমের ইলামবাজারে তাঁর উদ্ধার হওয়ার খবর পায় পরিবার।
খবর পেয়েই ইলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করলে দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, পরিবারের দাবি, কৃষ্ণ দীর্ঘদিন ধরে তীব্র মানসিক সমস্যা ও অবসাদে ভুগছিলেন। সেই মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক ধারণা। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট ও পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে। মর্মান্তিক এই ঘটনায় মৃতের পরিবার ও সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *