সেখ রিয়াজুদ্দিনঃ
দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন দুবরাজপুর থানার আদমপুর গ্রামের নিখোঁজ বৃদ্ধ নবী হোসেন খান। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, অধিকার মিত্র মহম্মদ রফিক এবং সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় রবিবার ওই বৃদ্ধকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাবাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সিউড়ি পৌরসভার কাছে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। বিষয়টি সিউড়ি পৌরসভার ম্যানেজার রাজেশ সিংহের নজরে আনা হয়। এরপর সিউড়ি পৌরসভার তত্ত্বাবধানে থাকা অনিকেত-সুনীতি চট্টরাজ ভবনের ম্যানেজার মনোজ দাসের সহযোগিতায় বৃদ্ধকে উদ্ধার করে ওই ভবনে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাঁর পরিবারের সন্ধানে তৎপরতা শুরু হয়।
পরবর্তীতে দুবরাজপুর থানার কান্তর গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। খবর পেয়ে তাঁর ছেলে সিউড়িতে এসে বাবাকে শনাক্ত করেন এবং তাঁকে ফিরে পান। জানা গিয়েছে, নবী হোসেন খান মানসিকভাবে অসুস্থ।
বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশনায় অধিকার মিত্র মহম্মদ রফিক এবং সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে বৃদ্ধকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনালেন বীরভূম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের অধিকার মিত্র মহম্মদ রফিক।
