পথ নিরাপত্তা সপ্তাহে কাঁকড়তলা পুলিশের অভিনব উদ্যোগ, জরিমানা নয়—হেলমেট উপহার দিয়ে সচেতনতা

সেখ রিয়াজুদ্দিনঃ

পথ দুর্ঘটনা রুখতে কড়া শাস্তির পাশাপাশি এবার মানবিক সচেতনতার বার্তা দিল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকড়তলা থানার ব্যবস্থাপনায় সেবা আমার যোগদান কর্মসূচির অংশ হিসেবে পালিত হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। এই উপলক্ষে সাধারণ মানুষ ও গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পদযাত্রার।

এদিন স্থানীয় বড়রা বাসস্ট্যান্ড এলাকায় সুসজ্জিত ট্যাবলো সহযোগে সচেতনতামূলক পদযাত্রার সূচনা হয়। তবে কর্মসূচিতে পুলিশের এক অভিনব উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। রাস্তায় হেলমেট ছাড়া মোটরবাইক চালাতে দেখা গেলে তাঁদের আটক করে জরিমানা করার পরিবর্তে সচেতন করে নতুন হেলমেট উপহার দেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগ পথচারী ও গাড়িচালকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে।

পরবর্তীতে কাঁকড়তলা বাসস্ট্যান্ড এলাকাতেও একইভাবে সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। হাতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং সাধারণ মানুষের সঙ্গে পদযাত্রায় পা মেলান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। সেখানেও হেলমেটবিহীন মোটরবাইক চালকদের থামিয়ে পথ নিরাপত্তার গুরুত্ব বোঝানো হয় এবং তাঁদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা,কাঁকড়তলা থানার ওসি মহম্মদ হানিফ, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ রুই দাস,সমাজসেবী রীতা ঘোষ, কৃষ্ণ গড়াই, শঞ্জু লায়েক, গোপীনাথ দাস প্রমুখ।

অনুষ্ঠানে বিধায়ক অনুপ সাহা বলেন, “পথের নিয়ম মানলে সমাজ বিপদমুক্ত থাকবে। হেলমেট পরা ও বৈধ লাইসেন্স রেখে গাড়ি চালানো শুধু নিয়ম পালন নয়, নিজের এবং অপরের প্রাণ বাঁচানোরও অঙ্গীকার।”

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশের এই ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। জরিমানার পরিবর্তে সচেতনতা ও মানবিকতার মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা দেওয়ার এই উদ্যোগকে ঘিরে প্রশংসাও শোনা যায় বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *