শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি থানার রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে গত বৃহস্পতিবার কয়থা মহেশপুর গ্রামের মধ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। রাতে মোটরসাইকেল করে লোহাপুরের দিক থেকে নলহাটির দিকে আসার সময় কোনো অজানা গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকদের নাম আবু বক্কার সিদ্দিকী (বাড়ি ভ্যালিয়ান গ্রাম) এবং আমিরুল সেখ (বাড়ি আমলাই গ্রাম), উভয়েরই বয়স আনুমানিক ২৯ বছর। শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শোকস্তব্ধ পরিবারের হাতে দেহ দুটি তুলে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে ঘাতক গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
