সেখ রিয়াজুদ্দিনঃ
সপ্তাহে পাঁচ দিন কাজ ও দু’দিন ছুটির দাবিসহ একাধিক দাবিতে শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU)। সেই কর্মসূচির প্রভাব পড়েছে বীরভূমের সদর শহর সিউড়ি সহ জেলার সমস্ত ব্যাঙ্কের শাখায়। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। ফলে ব্যাংকে এসে অনেক গ্রাহককেই পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে।
UFBU-এর ব্যানারে AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF এবং INBOC-সহ একাধিক ব্যাংক কর্মী সংগঠন এই আন্দোলনে সামিল হয়েছে। সংগঠনগুলির পক্ষ থেকে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন, সরকারের একতরফা ও বৈষম্যমূলক পিএসইউ প্রকল্প প্রত্যাহার বা তার বাস্তবায়ন স্থগিত রাখা, ইউনিয়নগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন এবং বিভিন্ন অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।
ব্যাংক কর্মীদের বক্তব্য, কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তার যথাযথ সমাধান হয়নি। একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবারের ধর্মঘটের জেরে সিউড়ির বিভিন্ন ব্যাংক শাখায় লেনদেনসহ শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হয়েছে। তবে এটিএম ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল পরিষেবা অনেক ক্ষেত্রেই চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিকল্প ডিজিটাল পরিষেবার উপর নির্ভর করতে হচ্ছে।
ব্যাংক কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট পালনের কর্মসূচি রয়েছে। এরপরও সমস্যার সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে আলোচনার মাধ্যমে দাবিগুলির নিষ্পত্তি না হলে ব্যাংকিং পরিষেবায় আরও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
