সেখ রিয়াজুদ্দিনঃ
মহিলাদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, ভোটাধিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নারী নির্যাতন সহ একাধিক বিষয়ে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির লোহাপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার নলহাটি-২ নম্বর ব্লক অফিসে স্মারকলিপি প্রদান করা হল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সমস্ত যোগ্য মহিলাকে ভাতা প্রদান। বার্ধক্য ভাতা, বিধবা ভাতাসহ সমস্ত সামাজিক প্রকল্প নিয়মিত চালু রাখা। স্বনির্ভর দলের সংঘ ও মহাসংঘে স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা। মিড-ডে-মিলে কর্মরত মহিলাদের কাজের উপযুক্ত মজুরি ও নিরাপত্তার ব্যবস্থা করা।
SIR-এর কারণে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ।এলাকার বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। নারী নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি দাবিতে এদিন সোচ্চার হয়ে ওঠেন মহিলা সংগঠনের সদস্যরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা মাধবী বাগদি, সভানেত্রী কেনিজ রবিউল ফতিমা, রাজ্য কমিটির সম্পাদিকা মোনালিসা সিনহা, কেন্দ্রীয় কমিটির সদস্য পারমিতা সেন-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। স্মারকলিপির মাধ্যমে উত্থাপিত দাবিগুলি দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

