শম্ভুনাথ সেনঃ
দুর্নীতির তদন্ত ও শাস্তির প্রক্রিয়া যথাসময়ে চলবে, কিন্তু তার জন্য সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হতে দেওয়া যাবে না। গত ৩০ আগষ্ট, রবিবার বীরভূমের সিউড়ির ডিআরডিসি হলে আয়োজিত এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ঠিক এই বার্তাই দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, সিউড়ির বিধায়ক তথা উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা। পঞ্চায়েত ব্যবস্থা, আবাসন, জি রাম জি প্রকল্প ও জবকার্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট জানান, বিগত দিনে গণ্ডগোল বা দুর্নীতির জেরে কেন্দ্র কয়েকটি প্রকল্প বন্ধ করেছিল। বহু নেতা-প্রধান জেলে থাকলেও শুধু তদন্তে সময় নষ্ট না করে নাগরিক পরিষেবাকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার।
যেসব জায়গায় প্রধান নেই, সেখানে প্রয়োজনীয় আইন সংশোধন করে সরকারি কর্মচারীদের মাধ্যমে প্রশাসনিক সচলতা বজায় রাখা হচ্ছে। মন্ত্রী জানান, আবাসের সমীক্ষা প্রায় শেষ। আগামী সেপ্টেম্বর থেকে আবহাওয়া অনুকূল হলে জি রাম জি প্রকল্পের কাজের গতি ও কর্মদিবস দুই-ই বহুগুণ বৃদ্ধি পাবে।
