শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের কসবা অঞ্চলের সমবায় সমিতি নির্বাচনে একচ্ছত্র আধিপত্য বজায় রাখল ভারতীয় জনতা পার্টির দলীয় সংগঠন। নির্ধারিত ১০টি আসনের প্রতিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। বিরোধী দলগুলির পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় এই সহজ জয় সুনিশ্চিত হয়।
এই সাফল্যকে কেন্দ্র করে আজ ১৪ সেপ্টেম্বর,সোমবার কসবা গ্রামে এক জমকালো বিজয় মিছিলের আয়োজন করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। আবির খেলায় মেতে উঠে গ্রাম পরিক্রমা করেন দলের কর্মী-সমর্থকেরা। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক খোকন দাস, মুখপাত্র সুমিত মণ্ডল এবং যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়।
বিজয় মিছিলে বিজেপি নেতৃত্ব সমবায় সমিতির নানা খামতি ও পরিচালনা নিয়ে সোচ্চার হন। সাধারণ সম্পাদক খোকন দাস অভিযোগ করেন, অতীতে বিরোধীদের নির্বাচনে নামার সুযোগই দেওয়া হত না। কিন্তু এবার অবাধ পরিবেশ সত্ত্বেও বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। একই সাথে তিনি হুঁশিয়ারি দেন যে, সমবায় সমিতির অতীত অনিয়ম ও দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
