শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠে মা তারার পুজো দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে তারাপীঠ মন্দির চত্বর ও আশপাশের এলাকায় এখন সাজসাজ রব। প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির প্রাঙ্গণে এক প্রশাসনিক ও সাংগঠনিক পরিদর্শনের আয়োজন করা হয়।
এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা এবং জেলা ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রী আগমনের দিন যাতে কড়া নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি যাতায়াত ব্যবস্থা, কঠোর ভিড় নিয়ন্ত্রণ এবং সাধারণ পুণ্যার্থীদের স্বাভাবিক পুজো দেওয়ার সুবিধা সুনিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকবার নির্বাচনী জনসভায় এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্যে পালাবদলের পর এটাই তাঁর প্রথম সফর। মুখ্যমন্ত্রীর এই পবিত্র তারাপীঠ সফর অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এমনটাই আশা ও প্রার্থনা ব্যক্ত করেছেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।
