শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরে বিজেপি বুথ সভাপতি চন্দন ভল্লাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যার ঘটনায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর, রবিবার ভরসন্ধ্যায় বোলপুরের ত্রিশূলাপট্টি এলাকায় দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করে। খবর পেয়েই গভীর রাতে কলকাতা থেকে বোলপুরে ছোটেন বীরভূমের দুই বিজেপি বিধায়ক ধ্রুব সাহা ও কৃষ্ণকান্ত সাহা। রাত ১টা নাগাদ তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পরবর্তীতে বোলপুর থানায় গিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।
ঘটনার পরদিন অর্থাৎ আজ সোমবার সকালে তদন্তে গতি আনতে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি, ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড। পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা দুর্ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন শারীরিক ও রাসায়নিক নমুনা সংগ্রহ করছেন। এর পাশাপাশি পুরো এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা। খুনের পেছনে রাজনৈতিক আক্রোশ না কি ব্যক্তিগত শত্রুতা রয়েছে, সে বিষয়ে প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আততায়ীদের শনাক্ত করে খুনের প্রকৃত কারণ উদঘাটন করাই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
