ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার অভিযোগ, আহত তিন কিশোর, অভিযুক্ত মহিলা ধৃত

সেখ রিয়াজুদ্দিনঃ

বর্ষাকালে নদীর জলে স্নান করতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হল তিন কিশোর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া তালতলা রেলসেতু সংলগ্ন ময়ূরাক্ষী নদীতে। অভিযোগ, স্নান করার সময় এক মহিলা কিশোরদের লক্ষ্য করে কার্বলিক অ্যাসিড ছুড়ে মারেন। ঘটনায় তিন কিশোরের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জনা ছয়েক কিশোর ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়েছিল। সেই সময় আচমকাই এক মহিলা তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ। হামলায় তিন কিশোর আহত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সিউড়ি সদর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত কিশোরদের হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার বিষয়টি তদারকি করতে এগিয়ে আসে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে অধিকার মিত্র মহম্মদ রফিক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ক্ষেত্রে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে তদন্তে নামে রেলপুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত মহিলা সাঁইথিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী মন্ডলকে গ্রেফতার করে এবং রবিবার আদালতে তোলা হলে বিচারক ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *