শম্ভুনাথ সেনঃ
ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদরা ১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্যের দাবিতে সোচ্চার হয়েছিল। সাধারণ মানুষের মিছিলে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ চালায় নৃশংস আক্রমণ। পুলিশের লাঠিচার্জে সেদিন কলকাতার রাজপথে প্রাণ হারান ৮০ জনেরও বেশি মানুষ, নিখোঁজ হন বহু। রক্তে রাঙানো সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও আজ ৩১ আগস্ট রাজ্যজুড়ে গভীর শ্রদ্ধায় ‘খাদ্য আন্দোলনের শহীদ দিবস’ পালন করছে সিপিআই(এম) ও বামফ্রন্ট।
ঐতিহাসিক এই লড়াইয়ের চেতনাকে পাথেয় করে বীরভূমের দুবরাজপুরে আয়োজিত হয় এক বিশাল মিছিল। পাওয়ার হাউস মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা শেষে মিছিলটি পৌঁছায় দুবরাজপুর থানা ও ব্লক দপ্তরে। জনগণের বঞ্চনা ও নানা সামাজিক দাবি তুলে ধরে থানার ওসি এবং বিডিও-র কাছে একটি স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করা হয়। রাস্তায় মিছিলের কারণে ১৪ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।
সিপিআই(এম) নেতা শীতল বাউরি-র নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের বার্তা দিয়ে শেষ হয় দিনের এই বিশেষ অনুষ্ঠান।

