বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর গ্রামের পরাণ সরকারের পরিবার তীব্র আর্থিক অনটনে দিন কাটাচ্ছে। জন্মের ১২ দিন পর থেকেই তাঁদের কন্যাসন্তান প্রতিবন্ধী। অটো চালিয়ে, সবজি বিক্রি ও সামান্য চাষবাস করে কোনোমতে সংসার ও মেয়ের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
পরিবারের আক্ষেপ, সরকারি নিয়ম থাকা সত্ত্বেও বর্তমান প্রকল্পের ‘অন্নপূর্ণা যোজনা’র একটি কিস্তির টাকাও এখনও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। পাশের এক প্রতিবেশীর অবস্থাও একই। দিন আনা এই পরিবারগুলির দাবি, এই আর্থিক সহায়তা মিললে মেয়ের ওষুধপত্র কেনা ও দৈনন্দিন খরচ মেটানো সহজ হতো। বকেয়া টাকা দ্রুত পেতে ও দুর্দশা ঘোচাতে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন তাঁরা।
