ঋণখেলাপির দায়ে বীরভূমের দুবরাজপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

শম্ভুনাথ সেনঃ

ঋণ পরিশোধ না করায় আদালতের নির্দেশে বীরভূমের দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বনমালী ঘোষের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ৫ সেপ্টেম্বর,শনিবার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের রঞ্জনবাজারে তাঁর বাসভবনে উপস্থিত হন ব্যাঙ্কের আধিকারিকেরা। সেখানে মাপজোকের পর প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
বনমালী বাবু জানান, ২০২৩ সালে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ৩ কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি। সিংহভাগ অর্থ পরিশোধ করলেও বাকি থেকে যায় ৯৫ লক্ষ টাকা। বিগত এক বছর ধরে কিস্তি মেটাতে না পারায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্পত্তি দখলের আইনি পথ বেছে নেয়। গত ১৩ আগস্ট প্রধান বিচারক ম্যাজিস্ট্রেট (CJM)-এর তরফে সাত দিনের মধ্যে সম্পত্তি হস্তান্তরের নোটিশ পৌঁছায় তাঁর কাছে। তবে প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ, ব্যাঙ্ক তাঁর সঙ্গে কোনো সমঝোতায় আসেনি। সাধারণ নিয়ম অনুযায়ী ঋণগ্রহীতাকে ৪৫ দিন সময় দেওয়ার কথা থাকলেও, তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। উপরন্তু, বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাড়িতে চড়াও হওয়ায় সমাজে তাঁর মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবেন বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *