শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। জেলায় প্রায় ৭০ শতাংশ মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল।চলতি খরিফ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির ওপর ভর করে জেলায় রেকর্ড ৩ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তবে কিছুদিন ধরে রাসায়নিক সারের ঘাটতি ও চড়া দামের কালবাজারির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছিলেন স্থানীয় কৃষকেরা। অবশেষে স্বস্তির খবর দিল রাজ্য কৃষি দপ্তর। বীরভূমে পৌঁছেছে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া ও অন্যান্য রাসায়নিক সার। সম্প্রতি রেলে ১৩০০ ও ২৬০০ মেট্রিক টন ইউরিয়া এসেছে এবং আগামী বুধবার আরও ২৬৫২ মেট্রিক টন সার পৌঁছাবে।
কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল পরিষ্কার জানিয়েছেন, “জেলায় সারের কোনো ঘাটতি নেই।” সরকার নির্ধারিত দাম বস্তা পিছু ২৬৬ টাকার বেশি দরে ইউরিয়া না কেনার নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশি দাম চাইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
