শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের টিকরবেতা গ্রামে জাগরণী মাতৃ সংঘের পরিচালনায় পঞ্চম বছরে পদার্পণ করল জগদ্ধাত্রী পুজো। সম্পূর্ণভাবে গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতাতেই এই পুজোর আয়োজন করা হয়, যার জন্য মেলে না কোনো সরকারি সাহায্য। অজয় নদ থেকে ঢাকঢোল বাজিয়ে ঘট নিয়ে আসার মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
চার দিন ধরে চলা এই পুজোয় গোটা গ্রামজুড়ে বইছে উৎসবের আমেজ। আট থেকে আশি—সকল বয়সের মানুষের ভিড়েই জমজমাট পুজো মণ্ডপ। পুজো ও দর্শনার্থীদের পাশাপাশি সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে যাত্রাপালার বিশেষ আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে পুজোর তৃতীয় দিনে চার থেকে পাঁচ হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়, যা গ্রামবাসী ও দূরদূরান্তের দর্শনার্থীরা একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করেন।
ছোট-বড় নানা দোকানের সমাহার উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করেছে। জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির কড়া নিরাপত্তায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এই উৎসব। ধর্মীয় নিষ্ঠা আর মানুষের ঐক্যের টানে টিকরবেতার এই জগদ্ধাত্রী পুজো আজ এক অনন্য মিলনোৎসবে পরিণত হয়েছে।
